নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁও এলাকায় সহিংসতা ও নাশকতা প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ ১০ জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার রাত আনুমানিক ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর চলমান তৎপরতার অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে প্রায় ১ কেজি গাঁজা, ২ পিস ইয়াবা, ২০০টির বেশি অজ্ঞাত মাদকদ্রব্য এবং মাদক বেচাকেনার সঙ্গে সংশ্লিষ্ট নগদ ৪ লাখ ৯৩ হাজার ২৫ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা টংগিবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মালামাল আইনি প্রক্রিয়ার জন্য টংগিবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, মুন্সিগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বদা সতর্ক রয়েছে। অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। পাশাপাশি সন্দেহজনক কোনো কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে