নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় রোববার রাত ১১টার দিকে লৌহজং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই রাজিব ও এসআই আতাউর রহমানসহ পুলিশের একটি দল গোয়ালীমান্দ্রা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজনরা পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে গোয়ালীমান্দ্রা এলাকার সুভাস দাসের বসতঘরের পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।