
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঘন কুয়াশার মধ্যে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী ব্রিজে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এক্সপ্রেসওয়েতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বিকল্প সড়ক ব্যবহারের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা টুংগিপাড়া এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব ১৪-১১০৩) ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে হাঁসাড়া হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।
দুর্ঘটনায় আহতরা হলেন—
১. নিয়ামত (২২), পিতা: গাউস সিকদার, কোটালিপাড়া, গোপালগঞ্জ
২. ইয়াছিন, পিতা: রম্বু খলিফা, টুংগিপাড়া, গোপালগঞ্জ
৩. হায়দার আলী, পিতা: আবেদ আলী, মোল্লারহাট, বাগেরহাট
৪. আমেদ মিয়া, পিতা: সোনা মিয়া, মোল্লারহাট, বাগেরহাট
৫. জুলেখা আক্তার, স্বামী: আসাদুজ্জামান, মোল্লারহাট, বাগেরহাট
৬. রেজবি মিয়া, পিতা: মাসুদ মিয়া, মোল্লারহাট, বাগেরহাট
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করে।
Leave a Reply