
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় গণসচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। ফায়ার সার্ভিসের সচেতনতামূলক কার্যক্রমের ফলে আগের তুলনায় অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ডা. ফাহমিদা লষ্কর জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সেবার মান উন্নয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাংবাদিকদের নিয়ে শিগগিরই একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে।
সভায় গ্রাম আদালতের কার্যকারিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, গ্রাম আদালতে বেশি বিরোধ নিষ্পত্তি হলে আদালতের মামলার চাপ কমবে।
এছাড়া মাদক নিয়ন্ত্রণ, কোস্টগার্ডের কার্যক্রম জোরদার, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডা. ফাহমিদা লষ্কর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা এলজিইডির কর্মকর্তা মো. রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
Leave a Reply