
লৌহজং (মুন্সীগঞ্জ), প্রতিনিধি—
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাজিরপাগলা এলাকায় ভিপি কেস নং ৫০৪/৬৮ ভুক্ত প্রায় ২ একর ৭৮ শতাংশ সরকারি অর্পিত সম্পত্তি পৈত্রিক দাবি দেখিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে হাজী শাহজাহান ফকিরের বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজিরপাগলা মৌজায় অবস্থিত জমিটি সরকারি রেকর্ড অনুযায়ী ‘অর্পিত ক’ তালিকাভুক্ত সম্পত্তি। এসএ খতিয়ান ১৯৭ ও ১৯৮ এবং আরএস খতিয়ান ১৩৬, ৬৫৪ ও ১৩৪ নম্বরসহ একাধিক দাগভুক্ত এ জমি নিয়ে সম্প্রতি বিরোধের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, মৃত কমান্ডার আলহাজ্ব মোঃ সোলায়মানের মৃত্যুর পর তার ওয়ারিশদের পক্ষ থেকে নোটারি পাবলিকের মাধ্যমে আম-মোক্তারনামা দলিল সম্পাদন করা হয়।
তবে সরেজমিনে জানা যায়, সংশ্লিষ্ট ‘ক’ তালিকার সম্পত্তিতে সোলায়মান কমান্ডারের কোনো ওয়ারিশের ভোগদখল নেই। স্থানীয়দের অভিযোগ, হাজী শাহজাহান ফকির জমিটি পৈত্রিক সম্পত্তি হিসেবে দাবি করে দখলের পায়তারা করছেন এবং এ লক্ষ্যে নতুন করে সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রের দাবি, জমিটি ভিপি কেসভুক্ত হওয়ায় তা সরকারি সম্পত্তি হিসেবে গণ্য। এ ধরনের সম্পত্তি ব্যক্তি মালিকানায় হস্তান্তর বা বিক্রি করা আইনত অবৈধ এবং রাষ্ট্রীয় সম্পত্তি সুরক্ষা আইনে শাস্তিযোগ্য অপরাধ।
অভিযোগকারী জানান, বিবাদীরা দীর্ঘদিন ভাড়াটিয়া হিসেবে বসবাস করলেও বর্তমানে জমিটি নিজেদের দাবি করে হুমকি-ধমকি দিচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
Leave a Reply