
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি—
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যার চেষ্টা করা এক যুবককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর মেদিনীমণ্ডল এলাকায় আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশের একটি গাছে উঠে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
জানা যায়, কুমারভোগ বড় প্রজেক্ট এলাকার বাসিন্দা জলিল বেপারী (৪০) শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি গলায় রশি বেঁধে গাছের ডালে সেটি লাগিয়ে ওপরের দিকে উঠে দাঁড়িয়ে থাকেন। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে নামাতে ব্যর্থ হন।
পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে শ্রীনগর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রথমে তাকে শান্ত করার চেষ্টা করেন এবং পরে কৌশলে গাছে উঠে তার গলায় বাঁধা রশি খুলে নিরাপদে নিচে নামিয়ে আনেন।
উদ্ধারের পর তাকে পদ্মা সেতু উত্তর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে একটি সম্ভাব্য প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন
Leave a Reply