
নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
এরপর উপজেলার গোয়ালীমান্দ্রা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পর্যায়ক্রমে লৌহজং থানা ও পদ্মাসেতু (উত্তর) থানার পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লৌহজং ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা ফুটে ওঠে তাদের সৃজনশীল উপস্থাপনায়।
দিবসের শেষভাগে বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথিসহ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) বাসিত সাত্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, নির্বাচন কর্মকর্তা জীবন ইবনে মাসুম এবং লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply