
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা চালানোর সময় ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সাবেক দুই পুলিশ সদস্য ও একজন সাবেক সেনা সদস্য।
শুক্রবার মুন্সীগঞ্জ অংশে ডিবি পুলিশের পোশাক পরে তল্লাশির অজুহাতে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা চালায় সংঘবদ্ধ একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি মাইক্রোকবাস, একটি খেলনা পিস্তল, একটি স্টিলের হ্যান্ডকাফ, ডিবি পুলিশের পোশাক, ওয়াকিটকি ও ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াগ রাসেল জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে এক্সপ্রেসওয়েতে ডাকাতির পরিকল্পনা করছিল এবং পুলিশের পোশাক ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply