
লৌহজং (মুন্সীগঞ্জ), প্রতিনিধিঃ
লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়ন-এর দক্ষিণ চারিগাঁও ভুইয়া বাড়ি জামে মসজিদ সংলগ্ন সরকারি রাস্তার পাশে রোপণ করা সরকারি গাছ কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মাসজিদ কমিটির একটি অংশ ও স্থানীয় প্রভাবশালী সিরাজ খনের নেতৃত্বে প্রায় ৭–৮ লাখ টাকার সরকারি গাছ কেটে বিক্রি করা হয়েছে।ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, রাস্তার পাশে থাকা প্রায় ৮০ শতাংশ গাছ ইতোমধ্যে কেটে ফেলা হয়েছে। গ্রামের একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, এসব গাছ কাটার ক্ষেত্রে উপজেলা প্রশাসন কিংবা বন বিভাগের কোনো অনুমতি নেওয়া হয়নি। এমনকি বন বিভাগও এ বিষয়ে আগে কিছুই জানত না বলে স্থানীয়রা দাবি করেছেন।
বিষয়টি নিশ্চিত করতে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, “আমরা এ বিষয়ে অবগত নই, তবে লোক পাঠানো হচ্ছে।”
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এ বিষয়ে প্রশ্ন করায় সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, সিরাজ খান সাংবাদিককে বলেন, “তুমি নিউজ করলে তোমার পায়ের তলায় মাটি রাখমু না, তোরে মাইরা ফেলামু।” শুধু তাই নয়, তিনি আরও দাবি করেন—এর আগেও ভুইয়া বাড়ি জামে মসজিদের কমিটির লোকজনকে মারধর করে কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করেছেন।
এ বিষয়ে মাসজিদ কমিটির সেক্রেটারির আমিনুল ইসলাম ভুইয়া (ফারুক ভুইয়া) কাছে কয়েকবার কল দিয়ে তার ফোন বন্ধ পাওয়া যায়।অন্যদিকে, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, বলেন আইন লঙ্ঘনকারী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। সরকারি গাছ কাটার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।সরকারি সম্পদ লুট, প্রশাসনের অনুমতি ছাড়াই গাছ কাটা এবং সর্বোপরি সাংবাদিককে হুমকি—সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এই অঞ্চলে আইনের শাসন আদৌ কতটা কার্যকর?প্রশাসনের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপই পারে সত্য উদঘাটন করতে এবং ভবিষ্যতে এমন দুঃসাহস ঠেকাতে।
Leave a Reply