
লৌহজং প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার মালির অংক বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল মালির অংক বাজার এলাকার পাকা সড়কে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে লৌহজং উপজেলার খড়িয়া গ্রামের মোঃ আসাদুজ্জামান (৪২) ও ইশরাত জাহান (২৫)-কে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একইসঙ্গে জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মুন্সীগঞ্জ জেলায় মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।
Leave a Reply