
লৌহজং প্রতিনিধি—
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিস্তীর্ণ এলাকার পাকা ধানক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৬ মে) রাতের ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে ঘরে তোলার অপেক্ষায় থাকা সোনালি ধান মাটিতে লুটিয়ে পড়ায় কৃষকদের মাঝে নেমে এসেছে হতাশা ও অনিশ্চয়তা।
জানা যায়, বুধবার রাতে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী প্রায় আধাঘণ্টা ধরে তাণ্ডব চালায়। ঝড়ের সঙ্গে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিতে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘড়িয়া গ্রাম, গোয়ালিমান্দা, হারিয়া মুন্না, কাজির পাগলা ও মেদিনীমন্ডলসহ আশপাশের বিভিন্ন এলাকার বিস্তীর্ণ মাঠের পাকা ধান সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে।
কৃষকদের ভাষ্য, আর মাত্র কয়েকদিন পরই ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি চলছিল। কিন্তু প্রকৃতির আকস্মিক এই আঘাতে মুহূর্তেই ভেঙে যায় তাদের বছরের পরিশ্রম আর স্বপ্ন। অনেক জমির ধান মাটিতে নুয়ে পড়ায় কাটতে যেমন বাড়তি কষ্ট হবে, তেমনি ফলন কমে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল আজিজ বলেন, “সারা বছর কষ্ট করে চাষ করেছি। ধান কাটার ঠিক আগমুহূর্তে এমন ক্ষতি হবে ভাবিনি। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করবো, সেটাই চিন্তা।”
আরেক কৃষক সুমন মিয়া বলেন, “কয়েক বিঘা জমির ধান প্রায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জমিতে পানি জমে থাকায় দ্রুত ধান কাটাও সম্ভব হচ্ছে না।”
স্থানীয়রা জানান, ঝড়ে শুধু ধানক্ষেত নয়, বিভিন্ন গাছপালা ও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। যে সোনালি ধান কৃষকের ঘরে হাসি ফেরানোর কথা ছিল, সেই ধানই এখন তাদের চোখে এনে দিয়েছে হতাশা, দুশ্চিন্তা আর দীর্ঘশ্বাস।
Leave a Reply