
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালিঅংক বাজার এলাকায় ইলিশ পরিবহনের দুটি বাসের সংঘর্ষে কালু (২২) নামে এক বাস হেল্পার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর একটি বাসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এ ঘটনায় অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ এবং দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হয়েছে।রবিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বেজগাঁও ইউনিয়নের মালিঅংক বাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় কালুকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।নিহত কালু মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর বশিপাড়ী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত অহেদ সরদার এবং মায়ের নাম তাসলিমা। তিনি লৌহজং উপজেলার গাঁওদিয়া জোরপোল সংলগ্ন ঢুলুগাঁও এলাকায় ভাড়া থাকতেন এবং ঢাকা মেট্রো-ব ১৩-১৩৬২ নম্বরের ইলিশ পরিবহনের বাসে হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন রামিম মৃধা (১৫), জারিফা (১৯), রাব্বি (১৬) ও সেলিম (৫০)। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। অপর একজনসহ আরও কয়েকজন গুরুতর আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ঘটনাস্থলে একটি বাসে ভাঙচুর চালায়। পরে লৌহজং থানা পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম জানান, দুর্ঘটনার ঘটনায় ইলিশ পরিবহনের চালক লিটন শেখ (৪৫)-কে আটক করা হয়েছে। তিনি শ্রীনগর উপজেলার ষোলোঘর এলাকার বাসিন্দা। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply