
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার চার দিন পর ঘরে ফিরে প্রবাসী স্বামীর ঝুলন্ত ও গলিত মরদেহ দেখতে পান ডলি বেগম। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।সোমবার (৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের ডহুরি মরৈল গ্রামে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ইলিয়াস মাঝি (৩৮) ওই গ্রামের বাসিন্দা এবং ব্রুনাই প্রবাসী ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে ইলিয়াস মাঝির সঙ্গে তার স্ত্রী ডলি বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে ডলি বেগম রাগ করে পাশের বাবার বাড়িতে চলে যান। এ সময় ইলিয়াস মাঝি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এরপর টানা চার দিন তাকে বাইরে দেখা যায়নি এবং ঘরও খোলা হয়নি।সোমবার বিকেলে বিষয়টি নিয়ে সন্দেহ হলে ডলি বেগম ঘরে প্রবেশ করে দেখতে পান, তাদের বসতঘরের দ্বিতীয় তলার সিঁড়ির সঙ্গে রশি বেঁধে ঝুলে আছেন তার স্বামী। এ সময় মরদেহ ফুলে গিয়ে চেহারা বিকৃত হয়ে যায় এবং পচন ধরতে শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম মঙ্গলবার দুপুরে জানান, প্রবাসী ইলিয়াস মাঝির মরদেহ ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহে পচন ধরেছিল এবং মাছি ভনভন করছিল। কতদিন আগে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের বিষয়টি পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply