
লৌহজং প্রতিনিধি—
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের শিমুলিয়া বাজার সংলগ্ন নদীর পাড়ে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি অবৈধভাবে ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে অবৈধ বালু ভরাটের কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ ও ভেকু (খননযন্ত্র) ক্ষতিগ্রস্ত করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে নদীপাড়ের সরকারি জমি ও আশপাশের ব্যক্তিমালিকানাধীন জমিতে বালু ফেলে ভরাট কার্যক্রম চালিয়ে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে।এলাকাবাসীর দাবি, অবৈধ ভরাট অব্যাহত থাকলে নদীতীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়বে। তারা নদী রক্ষায় নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু বলেন, “লৌহজং উপজেলার কোথাও অবৈধ ভরাট বা অনিয়মের ঘটনা ঘটলে সেখানে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
Leave a Reply