
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের শ্রীনগরে সংঘটিত ডাকাতির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই লুণ্ঠিত ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল, একটি কাভার্ডভ্যান ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, গত ৯ জুলাই ভোররাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকা থেকে যশোরের উদ্দেশ্যে ৬৬৫ কার্টন (১১ হাজার ৯৭০ লিটার) সয়াবিন তেল বোঝাই একটি কাভার্ডভ্যান রওনা দেয়। আনুমানিক ২৪ লাখ টাকা মূল্যের এসব তেল বহন করছিলেন চালক আকিব হাসান জয় ও তার সহকারী নাহিদ হাসান।পথিমধ্যে ভোর সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া ওভারব্রিজের উত্তর পাশে ঢাকা-মাওয়া সার্ভিস রোডে একটি JAC পিকআপে আসা ৭ থেকে ৮ সদস্যের ডাকাত দল কাভার্ডভ্যানটির গতিরোধ করে। পরে চালক ও সহকারীকে জিম্মি করে চোখ, মুখ ও হাত বেঁধে কেয়টখালী এলাকায় ফেলে রেখে তেলভর্তি কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শ্রীনগর থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা (ডিবি) ও শ্রীনগর থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান শুরু হয়।অভিযানে ১০ জুলাই দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আব্দুল গনি মিয়া (২৮) ও অভি রহমান (২৮)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, লুণ্ঠিত কাভার্ডভ্যান এবং ৯ কার্টন সয়াবিন তেল উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, লুণ্ঠিত তেলের বড় অংশ বগুড়ার শেরপুর উপজেলার বেলঘড়িয়া বাজারের একটি ভাড়া নেওয়া গুদামে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৫৮৫ কার্টন তেল উদ্ধার করা হয়। একই এলাকায় অভিযুক্ত ইমরান হোসেনের বাড়ির নিচতলার গুদাম থেকে আরও ৫৮ কার্টন ও অতিরিক্ত ৮ লিটার তেল উদ্ধার করা হয়।সব মিলিয়ে পুলিশ ৬৫২ কার্টন বা ১১ হাজার ৭৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে। পাশাপাশি লুণ্ঠিত কাভার্ডভ্যান ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply