
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা জোরদারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভায় মাওয়া চৌরাস্তা থেকে পুরানঘাট পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের দাবি এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগই হতে পারে কার্যকর সমাধান।সভায় ইউএনও ফারজানা ববি মিতু বলেন, “গোয়ালীমান্দ্রা এলাকার মাদক সমস্যা এখন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। প্রশাসনের একার পক্ষে এটি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া মাদকের বিরুদ্ধে সফল হওয়া কঠিন।” তিনি জানান, সম্প্রতি এমন তথ্যও পাওয়া গেছে যে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ড্রোনের মাধ্যমে মাদক পরিবহনের অপচেষ্টা চলছে। তবে যেকোনো নতুন কৌশল মোকাবিলায় প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ্দৌলা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কনক সারোয়ার, পদ্মা সেতু (উত্তর) থানার ওসি মো. আক্তার হোসেন, শিমুলিয়া বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক, লৌহজং পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শবনম ফোয়ারা খান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, ট্যুরিস্ট পুলিশ, আনসার, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং উপজেলার সব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা।সভায় অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মাদক নির্মূলে তথ্যভিত্তিক অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
Leave a Reply